আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই গতি দিয়ে আলোচনায় থাকা নাহিদ রানা। টেস্টে ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও সাদা বলের ক্রিকেটে তার খেলার মান ওঠানামা করছে। চলমান পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করার পর দ্বিতীয় ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।
নাহিদের এমন অধারাবাহিক পারফরম্যান্সের জন্য কিছু ঘাটতির জায়গা দেখেছেন তালহা জুবায়ের। তার মতে, নাহিদ মূলত পেস নির্ভর বোলিং করেন। পেসের সঙ্গে যদি সুইয়ের নিয়ন্ত্রণও আনতে পারেন, তাহলে ধারাবাহিক সাফল্য আসবে।
শনিবার মিরপুরে তালহা বলেন, “নাহিদ রানা তার পেসের ওপর বেশি নির্ভর করে, সুইংয়ের ওপর নয়। পেসের সঙ্গে সুইং নিয়ে একটু কাজ করলে আরও ডেঞ্জারাস বোলার হিসেবে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “অভিজ্ঞতা সবসময় কাজে আসে না, যদি মাঠে ভালো নৈপুণ্য না দেখানো যায়। আপনার অভিজ্ঞতা নিয়মিত মাঠে প্রয়োগ করতে পারলে ব্যাটারদের কাছ থেকে সম্মান পাওয়া সম্ভব। আমাদের বোলিং বিভাগকেও এটি করতে হবে।”
অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি বলেন, “তাসকিন ও মুস্তাফিজ বেশি ম্যাচ খেলেছেন, তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে অন্যদের তুলনা করা যায় না। হারিস রউফ খেলেছেন, কিন্তু তার উইকেট মুস্তাফিজ ও তাসকিনের মতো নয়।”
নিশ্চিতভাবেই এই বিশ্লেষণ নাহিদ রানার ধারাবাহিকতা বাড়াতে এবং বাংলাদেশ দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।
