ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন দানিল মেদভেদেভ। ৬-৩ ও ৭-৬ (৭-৩) ব্যবধানে আলকারাজকে হারান তিনি। শিরোপা নির্ধারণী ফাইনালে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনারের বিপক্ষে খেলবেন মেদভেদেভ।
২০২৬ মৌসুমে এটি আলকারাজের প্রথম হার। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর টানা ১৬ ম্যাচ জিতেছিলেন এই স্প্যানিশ তারকা। এবার সেই ধারাকে ভেঙে দিলেন মেদভেদেভ।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেদভেদেভ। মাত্র ৩৫ মিনিটে প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে লড়াই আরও জমে ওঠে। শেষ পর্যন্ত টাইব্রেকে এগিয়ে গিয়ে ম্যাচ নিজের করে নেন ৩০ বছর বয়সী এই রাশিয়ান খেলোয়াড়।
জয়ের পর মেদভেদেভ বলেন, “বিশ্বসেরা খেলোয়াড়কে হারানো সবসময়ই বিশেষ অনুভূতির। আলকারাজ, সিনার বা জোকোভিচের বিপক্ষে র্যাঙ্কিং খুব একটা গুরুত্ব পায় না। তাদের বিপক্ষে খেলা যেমন বিশেষ, জেতা আরও বড় অনুভূতি।”
হারলেও আলকারাজ প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, “শুরু থেকে শেষ পর্যন্ত মেদভেদেভ অবিশ্বাস্য খেলেছে। এমন মেদভেদেভকে আগে কখনও দেখিনি।”
অন্য সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জিভারেভকে ৬-২ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন ইয়ানিক সিনার। পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা ইতালিয়ান এই তারকা এবার ইন্ডিয়ান ওয়েলসে নিজের প্রথম ফাইনাল খেলবেন।
ফাইনাল সিনারের জন্যও বিশেষ হতে যাচ্ছে। জিততে পারলে রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি হার্ডকোর্ট এটিপি মাস্টার্স ১০০০ শিরোপা জয়ের কীর্তি গড়বেন তিনি।
