অ্যানফিল্ডে রাতটা ছিল লিভারপুলের জন্য স্বপ্ন ও হতাশার মিশ্রণ। শেষ মুহূর্তে উসমান দেম্বেলের জোড়া গোল ভেঙে দিলো তাদের ঘুরে দাঁড়ানোর সব আশা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ২-০ গোলে হারের পর অ্যানফিল্ডে ঐতিহাসিক কামব্যাকের স্বপ্ন দেখছিল লিভারপুল। সমর্থকরাও আশা করছিলেন আরেকটি ইউরোপীয় রাতের জাদু। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একটি পেনাল্টি ভিএআর রিভিউয়ের পর বাতিল হয়ে গেলে বড় সুযোগ হারায় স্বাগতিকরা।
ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে প্রথম লেগেই একাধিক সুযোগ নষ্ট করেছিলেন। অ্যানফিল্ডেও প্রথমার্ধে দুটি সহজ সুযোগ মিস করেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে এসে তিনি হয়ে ওঠেন পুরো ম্যাচের নায়ক।
৭২ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের নিচু শটে গোল করেন দেম্বেলে। সেই গোলেই স্তব্ধ হয়ে যায় অ্যানফিল্ডের গ্যালারি। যোগ করা সময়ে দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, নিখুঁতভাবে বল পাঠান জালে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি এখন সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখের। প্রথম লেগে বায়ার্ন ২-১ ব্যবধানে এগিয়ে আছে।
অন্যদিকে, লিভারপুল টানা দ্বিতীয়বারের মতো পিএসজির কাছে হেরে ইউরোপীয় মঞ্চ থেকে বিদায় নিল। গত মৌসুমে তারা শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছিল। এখন ছয়বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার টিকিট নিশ্চিত করা।
