দুই বছরের দীর্ঘ বিরতির পর অবশেষে স্বস্তির হাসি ফিরল চেন্নাই সুপার কিংস শিবিরে। কলকাতা নাইট রাইডার্সকে ৩২ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই জয়েই শেষ হলো তাদের ৭৩০ দিনের টানা দুই ম্যাচ জয়ের অপেক্ষা।

গতকাল মঙ্গলবারের ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামলেও দারুণ পারফরম্যান্স দেখায় চেন্নাই। ভারী শিশিরের মধ্যেও নিজেদের নিয়ন্ত্রণে রেখে ম্যাচ জিতে নেয় তারা। ২০২৪ সালের ১৪ এপ্রিলের পর এই প্রথম টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেল দলটি।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে উঠে আসে চেন্নাই। তারা এখন চার পয়েন্ট পাওয়া আরও চারটি দলের সঙ্গে অবস্থান করছে। অন্যদিকে নিজেদের ঘরের মাঠ চিপুকে কলকাতা নাইট রাইডার্স টানা পাঁচ ম্যাচেও জয়হীন রয়ে গেল।

ব্যাট হাতে দারুণ শুরু করে চেন্নাই। সঞ্জু স্যামসন, ডেভাল্ড ব্রেভিস এবং আয়ুষ মাত্রে মিলে দলকে নিয়ে যায় ১৯২ রানে। স্যামসন খেলেন ৩২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের ঝলমলে ইনিংস। ব্রেভিস করেন ৪১ রান, আর আয়ুষ মাত্রে ১৭ বলে ৩৮ রানের দ্রুতগতির ইনিংস খেলেন।

এই তিন ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাই পৌঁছে যায় বড় সংগ্রহের কাছাকাছি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কলকাতা। পাওয়ার প্লের মধ্যে ফিন অ্যালেন ও সুনিল নারিনকে হারিয়ে বড় ধাক্কা খায় তারা। প্রথম ৬ ওভারে মাত্র ৩৬ রান তুলতে পারে কলকাতা, যেখানে চেন্নাই তুলে নেয় দ্বিগুণ রান।

পরে স্পিনারদের দারুণ ব্যবহার করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেন্নাই। ৮ ওভারে মাত্র ৪৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তারা।

কলকাতার বোলিংয়ে কিছুটা উন্নতির ছাপ থাকলেও ব্যাটিং ব্যর্থতা আবারও চোখে পড়ে। ওপেনিংয়ে সুনিল নারিনকে নামালেও লাভ হয়নি।

চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বড় তারকা ছিলেন আফগান স্পিনার নুর আহমেদ। তিনি টানা দুই ওভারে ফিরিয়ে দেন আজিঙ্কা রাহানে, ক্যামেরন গ্রিন এবং রিংকু সিংকে। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি।

শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬০ রানে থেমে যায় কলকাতার ইনিংস। আর ৩২ রানের এই জয় দিয়ে দীর্ঘ ৭৩০ দিনের অপেক্ষার অবসান ঘটায় চেন্নাই সুপার কিংস।

 

news