চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচের শুরুতে দুই গোল হজম করেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার স্বপ্ন ভেঙে দেয় স্প্যানিশ এই ক্লাব।

দলটির এমন লড়াকু পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি কোচ ডিয়েগো সিমিওনে। তিনি বলেন, এখনো তিনি এই অনুভূতিতে ভেসে যাচ্ছেন।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা ২-১ গোলে জয় পেলেও দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনালে ওঠে অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচে গোল করেন লামিনে ইয়ামাল, ফেরান তোরেস ও আদেমোলা লুকম্যান।

এই জয়ের মাধ্যমে ২০১৭ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল অ্যাতলেটিকো। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা স্পোর্টিং লিসবন।

২০১৪, ২০১৬ ও ২০১৭ সালের পর এবার নিয়ে চতুর্থবারের মতো সেমিফাইনালে উঠল মাদ্রিদের এই ক্লাব। পাশাপাশি ইউরোপের মঞ্চে বার্সেলোনাকে এবার নিয়ে তৃতীয়বার বিদায় করল তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন,
“চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারানো সহজ নয়। আমরা মেসির বার্সেলোনা এবং ইয়ামালের বার্সেলোনার মুখোমুখি হয়েছি, আর আমরা সেটা করে দেখিয়েছি।”

অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে সিমিওনের সম্পর্ক ১৪ বছরের। এই দীর্ঘ পথচলা তাকে এখনো গভীরভাবে নাড়া দেয় বলে জানান তিনি।

তিনি বলেন,
“১৪ বছর হয়ে গেল এখানে। দলের লড়াই এখনো আমাকে আবেগপ্রবণ করে তোলে। খেলোয়াড়রা বদলেছে, আমরা আবার শুরু করেছি বারবার। তবুও আমরা আবারও ইউরোপের সেরা চার দলের মধ্যে আছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা সত্যিই অসাধারণ অনুভূতি।”

এছাড়া দলটির তারকা আন্তোইন গ্রিজমানকে নিয়েও কথা বলেন সিমিওনে। জানা গেছে, মৌসুম শেষে তিনি এমএলএস ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দেবেন।

এ প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন,
“সে প্রতিভাবান খেলোয়াড়। সময়ের সঙ্গে সবাই বুঝবে আমাদের কাছে কত বড় একজন ফুটবল প্রতিভা ছিল সে। সে পার্থক্য গড়ে দিতে পারত অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দিয়ে। আমি আশা করি, ঈশ্বর ও ভাগ্য তাকে সেই সাফল্য দেবে, যেটা সে খুঁজছে।”

 

news