ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি আর উত্তেজনার ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ৪৮ দলের এই মহাযুদ্ধ। এখন বাকি মাত্র ৫৭ দিন।
এই অপেক্ষার সময়েই প্রতিদিনের মতো নানা পরিসংখ্যান প্রকাশ করছে ফিফা। সেখানেই উঠে এসেছে একটি আকর্ষণীয় তথ্য—বিশ্বকাপে এখন পর্যন্ত ৩-০ গোলের ফলাফল দেখা গেছে মোট ৫৭ বার।
৩-০ মানে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠানো এবং নিজের গোলপোস্ট অক্ষত রাখা। বিশ্বকাপের ইতিহাসে এই স্কোরলাইন বেশ কয়েকবারই গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা গেছে।
একই আসরে সবচেয়ে বেশি ৬ বার ৩-০ ব্যবধানে ম্যাচ হয়েছে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। সেই টুর্নামেন্টে ফ্রান্স দক্ষিণ আফ্রিকাকে, ব্রাজিল মরক্কোকে, ইতালি ক্যামেরুনকে, মরক্কো স্কটল্যান্ডকে, ক্রোয়েশিয়া জার্মানিকে এবং আবারও ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছিল।
বিশ্বকাপ ফাইনালে এই স্কোর একবারই দেখা গেছে—১৯৯৮ সালে, যেখানে ফ্রান্স ৩-০ গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে।
এর আগে ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে এই স্কোরে জয়ের খুব কাছাকাছি ছিল ইতালি। তবে শেষ মুহূর্তে পশ্চিম জার্মানির হয়ে সান্ত্বনাসূচক গোল করেন পল ব্রেইটনার।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেরও রয়েছে ৩-০ জয়ের স্মৃতি। তারা ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে বেলজিয়াম ও প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়েছিল।
তবে ইতিহাসে এমনও তিনটি বিশ্বকাপ আছে যেখানে একবারও ৩-০ ফলাফল দেখা যায়নি—১৯৩৪, ১৯৫৪ এবং ১৯৯০ সালের আসরে।
