সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছে গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে এসে আজ প্রথমবারের মতো অনুশীলনও করেছে তারা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে কথা বলেন কোচ রব ওয়াল্টার।
সেখানে তিনি মূলত বাংলাদেশের পেস আক্রমণ এবং উইকেট পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার মতে, বাংলাদেশকে স্পিন সহায়ক উইকেট বানানোর প্রয়োজন নেই।
অতীতে বাংলাদেশ নিজেদের কন্ডিশন কাজে লাগাতে স্পিন-সহায়ক উইকেট তৈরি করে প্রতিপক্ষকে চাপে ফেলেছে—এমন নজির আছে। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্পোর্টিং উইকেট বানিয়ে খেলে টাইগাররা। এবারও সেই ধারা বজায় রাখার সম্ভাবনার কথা উঠে এসেছে।
কোচ রব ওয়াল্টার বলেন,
“আসলে আমার মনে হয় বাংলাদেশের দলে দারুণ কিছু পেসার আছে। তাদের স্পিন উইকেট বানানোর দরকার নেই। তাই আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা করে খেলতে হবে।”
তিনি আরও যোগ করেন,
“আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। তাই আমাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পিচ দেখেছি—সেখানে স্পিন ও পেসের ভালো লড়াই ছিল। আমরা দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত।”
বাংলাদেশের কন্ডিশন নিয়ে অভিজ্ঞতা জানাতে গিয়ে ওয়াল্টার বলেন,
“এখানে কন্ডিশন অবশ্যই ভিন্ন। আমরা চেষ্টা করছি সবকিছু বুঝে নিতে। মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। প্রথম ম্যাচের আগে যে সময় পেয়েছি, তা হয়তো পুরোপুরি প্রস্তুতির জন্য যথেষ্ট নয়। তবে আমাদের কিছু খেলোয়াড় শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ খেলে এসেছে, তাই মোটামুটি ভালো অবস্থাতেই আছি।”
সিরিজের সূচি অনুযায়ী, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। দ্বিতীয় ওয়ানডে ২০ এপ্রিল একই মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামে ২৭ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই ম্যাচ দিয়ে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
