আগামী সেপ্টেম্বর জাপানের নাগোয়াতে বসছে এশিয়ান গেমসের আসর। এরই মধ্যে বাছাই পর্ব পেরিয়ে টুর্নামেন্টের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ হকি দল। এবার একই মঞ্চে জায়গা করে নিতে লড়াইয়ে নামছে বাংলাদেশ নারী হকি দলও।
বাংলাদেশে হকির ইতিহাস অনেক পুরনো হলেও নারী হকিতে সিনিয়র জাতীয় দল এখনো আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত অংশ নেয়নি। এতদিন মূলত বয়সভিত্তিক বা জুনিয়র পর্যায়েই সীমাবদ্ধ ছিল নারীদের অংশগ্রহণ। এবারই প্রথমবারের মতো সিনিয়র নারী দল এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
এই স্বপ্নপূরণের প্রথম ধাপ শুরু হচ্ছে এশিয়ান গেমসের বাছাই পর্ব দিয়ে।
আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে আট দেশের বাছাই টুর্নামেন্ট। সেখানে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চাইনিজ তাইপে, উজবেকিস্তান এবং হংকং।
নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উঠবে। আর চারটি সেমিফাইনালিস্ট দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ জাতীয় নারী হকি দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু আশাবাদী, দল ভালো কিছু করতে পারবে। তিনি বলেন, “আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ। তবে উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে আমরা লড়াই করতে পারব বলে আশা করছি। এই দুই ম্যাচে ভালো ফল পেলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠা সম্ভব। সেটি নারী হকির জন্য হবে বড় অর্জন।”
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দল ইতিমধ্যেই এশিয়ান কাপে ব্রোঞ্জ জিতে নজর কাড়েছে। সেই দলের অনেক খেলোয়াড়ই এখন সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়েছেন। মূলত বিকেএসপির খেলোয়াড়দের নিয়েই গড়া হয়েছে বর্তমান স্কোয়াড।
দলের প্রস্তুতি নিয়ে কোচ রাজু বলেন, “বিকেএসপির অনেক খেলোয়াড়েরই বয়সভিত্তিক আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের অনুশীলন চলছে। আমাদের প্রস্তুতি ও সেই অভিজ্ঞতাই এখন বড় ভরসা।”
সব মিলিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে এশিয়ান গেমসে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী হকি দল।
