বাংলাদেশ ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান এডহক কমিটি এমন একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত একবার অধিনায়কত্ব করা সবাইকে দেওয়া হচ্ছে বিশেষ “ক্যাপ্টেনস কার্ড”।
এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়কেরা আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল—যেকোনো ম্যাচ স্টেডিয়ামে গিয়ে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, কার্ডধারীদের জন্য আলাদা মেডিকেল সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ অসুস্থ হলে বিসিবির মেডিকেল টিম দ্রুত সাড়া দেবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই।
৩২ অধিনায়ক পেলেন বিশেষ সম্মাননা
এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন সময়ের মোট ৩২ জন সাবেক অধিনায়ক এই বিশেষ কার্ড পেয়েছেন। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী অধিনায়ক রয়েছেন। একসঙ্গে সবাইকে সম্মান জানানোয় ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
তবে এই উদ্যোগ ঘিরে সমালোচনার ঝড় তুলেছেন সাবেক জাতীয় দলের পেসার তাপস বৈশ্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তিনি লেখেন,
‘এই যুগের বৈষম্য!! আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি!! আর এখন তো কার্ড!! একদিন ভিডিও করে সকলকে বলব এই যুগেও কেমন বৈষম্য হয়!! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা? খেলে তো সকলেই মিলে ১১জন বা ১৪ জন, খেলা ছেড়ে দেওয়ার পর সকলেই জাতীয় খেলোয়ার!’
‘রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন…। রফিক ভাই বসবে সাধারণ গ্যালারিতে আর আনকোরা অধিনায়ক এসি বক্সে…। কারো যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে। যারা কার্ড পাইছে তারা করবে না কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরি হইছে।’
তাপস বৈশ্য আরও দাবি করেন, অধিনায়কদের পাশাপাশি অন্য সাবেক খেলোয়াড়দেরও স্বাস্থ্যবীমা ও সমান সম্মান পাওয়া উচিত। নিজের হতাশা প্রকাশ করে তিনি লেখেন,
‘এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি। এই যুগে এটা চরম বৈষম্য।’
শেষে তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হন—এমন ইচ্ছাও তার।
বিসিবির এই উদ্যোগ একদিকে যেমন সাবেক অধিনায়কদের সম্মান জানানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তাপস বৈশ্যর মন্তব্য ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই আলোচনার শেষ কোথায় গিয়ে থামে।
