ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত কেটে গেছে। দীর্ঘ অপেক্ষার পর শনিবার থেকে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেন জাতীয় দলের সাবেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
দীর্ঘ বিরতির পর আবারও পুরোনো ক্লাবে ফেরার সুযোগ পেয়ে বেশ খুশি এই তারকা ক্রিকেটার। একই সঙ্গে চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তি প্রকাশ করেন তিনি।
দলবদল শেষে মাহমুদউল্লাহ বলেন,
‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’
অনিশ্চয়তা কাটাতে বিসিবিকে ধন্যবাদ
গত কয়েক মাস ধরে লিগ আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়েও কথা বলেন মাহমুদউল্লাহ। তার মতে, এ পরিস্থিতি কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল।
তিনি বলেন,
‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’
পুরোনো ক্লাবে ফিরে উচ্ছ্বাস
প্রাইম ব্যাংকে ফেরার সুযোগ পেয়ে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রিয়াদ। দীর্ঘদিন পর আবার একই দলের জার্সি গায়ে চাপানো নিয়েও আবেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন,
‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, এরপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’
শক্তিশালী দল নিয়ে আত্মবিশ্বাসী রিয়াদ
দলের গঠন নিয়েও সন্তোষ প্রকাশ করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার মতে, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই রয়েছে ভারসাম্য।
তিনি বলেন,
‘ব্যক্তিগতভাবে আমি এই দল নিয়ে খুবই খুশি, যেভাবে দলটা তৈরি করা হয়েছে। টপ অর্ডারে আজিজুল হাকিম তামিম, দিপু আছে; মিডল অর্ডারে আমি আছি, পাটোয়ারী আছে এবং আরও ইয়াং প্লেয়াররা আছে। পেস বোলিং বিভাগ ভালো, স্পিন বিভাগও ভালো। অলিস আছে, রাফসান আছে, তানজিম সাকিব আছে, এনামুল আছে। সব মিলিয়ে অনেক তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে।’
সব মিলিয়ে ডিপিএলের নতুন মৌসুম শুরুর আগে ক্রিকেটারদের মধ্যে ফিরেছে স্বস্তি, আর প্রাইম ব্যাংক শিবিরে দেখা যাচ্ছে নতুন উদ্দীপনা।
