সবশেষ বিপিএলসহ ঘরোয়া কয়েকটি টুর্নামেন্টে মাঠের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহের তালিকায় নাম থাকায় দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। তবে এবার আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন এই ওপেনার। তার আগেই শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে দলবদল সম্পন্ন করেছেন তিনি।
দলবদল শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রস্তুতি ও ফিরে আসা নিয়ে খোলামেলা কথা বলেন বিজয়।
তিনি বলেন,
‘আসলে একদম ১০০ ভাগ তৈরি বলবো না যেটা খুবই সত্য। কিন্তু আমার হাতে প্রায় ১৫ দিন সময় আছে এবং মানসিক প্রস্তুতি নিয়েছি, সাথে অনুশীলনও করছিলাম গত কিছুদিন ধরে। তাই আশা করি প্রিমিয়ার লিগের আগেই খুব ভালোভাবে ১০০ ভাগ তৈরি হয়ে যাবে।’
সামাজিক মাধ্যমে নেতিবাচকতা নিয়ে হতাশা
বর্তমান পরিস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা নিয়েও কথা বলেন এই ক্রিকেটার। তার মতে, ইতিবাচক আলোচনার জায়গা কমে যাচ্ছে।
তিনি বলেন,
‘চারপাশ যতই দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক নেতিবাচকতা, অনেক মন্তব্য করা হয়। ইতিবাচক কোনো কিছু দেখি না আমরা। যেকোনো সামাজিক মাধ্যমে তাকালেই মন্তব্যের মধ্যে শুধু নেতিবাচক কথা। আমি চাই এই জিনিসটা ইতিবাচকভাবে সবাই কথা বলুক। একটা ইতিবাচক শক্তি সবার মধ্যে থাকুক। নেতিবাচক জিনিসগুলো আমরা পেছনে রেখে দিই।’
বিসিবির কাছে সরাসরি অনুরোধ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন বিজয়। তিনি চান বিষয়গুলো যেন সঠিকভাবে ও সম্মানের সঙ্গে উপস্থাপন করা হয়।
তার ভাষায়,
‘আমি চেয়েছি বিসিবি যেন এই জিনিসটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করে এবং এটা এখনো চাই, এটা আলাদা কিছু না। আমার ব্যক্তিগতভাবে সভাপতির সাথে কথা হয়েছে এবং বিসিবির সাথে কথা হয়েছে তারা আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং সম্মানের সাথে কথা বলেছে। আশা করি এই বিষয়টা চলমান থাকবে।’
তিনি আরও বলেন,
‘আমি যে কিছু করিনি সেই জিনিসটা স্বীকার করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা—এবং আমাকে জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এভাবে না, অন্যভাবে বর্ণনা করা হয়েছে। সংবাদমাধ্যমেও কিন্তু একেকজন একেকভাবে এটাকে উপস্থাপন করেছে।’
আবাহনী–মোহামেডান প্রসঙ্গেও মন্তব্য
ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান নিয়ে নিজের অনুভূতির কথাও জানান বিজয়।
তিনি বলেন,
‘ছোটবেলার স্বপ্ন ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আবাহনী-মোহামেডান চিন্তা করে। তো সেটা অনুযায়ী এটা অবশ্যই বড় দল। আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি, প্রাইম ব্যাংকের হয়েও খেলেছি। এবার সুযোগ এসেছে এমন বড় দলে খেলার। বিজয়ী দলে খেলতে পারলে মানসিকতা সবদিক থেকেই বিজয়ীদের মতোই থাকে।’
সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এনামুল হক বিজয়—আর তার সঙ্গে আছে নতুন করে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জও।
