নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা। তার আগেই বড় ধাক্কা—ইনজুরিতে ম্যাচ শুরুর আগেই ছিটকে যান মুস্তাফিজুর রহমান। এখন সিরিজ বাঁচানোর লড়াই কাল। সেই ম্যাচে কি দেখা যাবে বাঁহাতি কাটার মাস্টারকে? এই প্রশ্ন নিয়েই দারুণ কৌতূহল ভক্তদের।

আজ রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার শরিফুল ইসলাম। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয় মুস্তাফিজের চোটের কথা। জবাবে শরিফুল বলেন, ‘উনি এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ।’ এই আভাসেই অনেকে ধরে নিচ্ছেন, কালই একাদশে ফিরতে পারেন ‘দ্য ফিজ’।

প্রথম ম্যাচের ঘটনা সবার মনে আছে। টসের জন্য মেহেদী হাসান মিরাজ ও টম ল্যাথাম যখন প্রস্তুত নিচ্ছেন, তখনই ছুটে আসেন হেড কোচ ফিল সিমন্স। মিরাজের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তিনি যেতেই বদলে যায় দলের তালিকা। ঠিক তখনই বুঝতে বাকি থাকে না, কিছু একটা হয়েছে।

ধোঁয়াশা কাটতে সময় লাগেনি। শেষ মুহূর্তের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ছিটকে যান মুস্তাফিজ। টিম ম্যানেজার নাফিস ইকবাল সে সময় জানান, ‘ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি বোধ করে মুস্তাফিজ। টসের ঠিক আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজ সে খেলবে না। তার জায়গায় খেলবে শরিফুল।’

কাল সেই মুস্তাফিজকে ফিরে পাওয়ার সম্ভাবনা জাগিয়ে ভক্তরা আশায় বুক বাঁধছেন—সিরিজ বাঁচাতে পারে দলকে তিনি!

 

news