পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে টানা সপ্তম হারের ট্রেন্ডি খেলা রাওয়ালপিন্ডি পিন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। দলের এমন দুরবস্থার মধ্যেই নিজের ফর্ম নিয়ে একেবারে খোলামেলা ও সাহসী মন্তব্য করে ফেললেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক ব্যাটার সোজাসাপ্টা বলে দিলেন, বর্তমান পারফরম্যান্স দিয়ে পাকিস্তান জাতীয় দলেও তাঁর জায়গা হওয়া উচিত নয়।

বিগ ব্যাশ লিগের সময় নিজের কথাও তুলে আনেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমি সেখানেও পরিষ্কার বলেছি, বর্তমান খেলার ধরনে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। আপনারা একদিন বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না। আজও আমি সততার সঙ্গেই বলছি। ডিনারের সময় হ্যারিস রউফের সামনেও বলেছিলাম- আমার বর্তমান পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে খেলার অধিকার নেই।’

নিজের ভুল মানতে কার্পণ্য করছেন না রিজওয়ান। তবে হাল ছাড়ার পাত্রও নন তিনি, ‘আমরা সবাই মানুষ। আমি ভুল করেছি, আমার পারফরম্যান্স মানসম্মত ছিল না। কিন্তু মানে এই নয় যে সাহস হারিয়ে ফেলব বা ক্রিকেট ছেড়ে দেব। যত দিন শক্তি আছে, লড়াই চালিয়ে যাব। তবে আগেও অধিনায়কের কাছে গিয়ে বলেছি, আমার পারফরম্যান্স ভালো না হলে জুনিয়রদের সুযোগ দেওয়া উচিত।’

মিডিয়ার কঠিন প্রশ্ন বা সমালোচনাকে ভয় পান না এই ব্যাটার। স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি প্রশ্ন বা মিডিয়াকে ভয় পাই না। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে স্বীকার করতে দ্বিধা নেই। আপনারা যদি মনে করেন এই বয়সে আমার অবসর নেওয়া উচিত, আমি তা-ই করব।’

সবশেষে নিজের প্রত্যয়ের কথাও জানিয়ে দেন রিজওয়ান, ‘আমি ব্যর্থ হয়েছি এবং পারফরম্যান্স ছাড়াই আপনাদের সামনে বসে আছি। হয়তো যথেষ্ট কঠোর পরিশ্রম করিনি। আমি আরও কঠোর পরিশ্রম করে আবার ফিরে আসব।’

 

news