বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এ আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর এখন এডহক কমিটির অধীনে চলছে বিসিবির কার্যক্রম। তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটিই আপাতত বোর্ড পরিচালনা করছে।

এই কমিটির প্রধান দায়িত্ব হলো ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

জুনেই হতে পারে বিসিবি নির্বাচন

সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেখানে তিনি নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দেন।

তামিম বলেন, “আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করতে চাই। যদি সেটা না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহেই নিশ্চিতভাবে করে ফেলবো।”

তিনি আরও জানান, সময় থাকলেও তারা দীর্ঘ অপেক্ষা করতে চান না।

“আমাদের ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু তার মানে এই নয় যে ঠিক ওই দিনেই করতে হবে। তার আগেও করা সম্ভব। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নির্বাচন শেষ করতে,” বলেন তামিম।

মাঠে ফিরছে বল বয় সংস্কৃতি

এ সময় তামিম আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানান। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে আবারও মাঠে বল বয় ফিরিয়ে আনার পরিকল্পনার কথা বলেন তিনি।

তামিম বলেন, “আগে দেখতাম ম্যাচের সময় বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতো। এখনও বিশ্বের অনেক দেশে এটা আছে। কিন্তু আমাদের এখানে কেন যেন বন্ধ হয়ে গেছে। আমরা এটা আবার চালু করতে চাই।”

বল বয় হিসেবে নিজের অভিজ্ঞতা

নিজের শুরুর দিনের স্মৃতিও তুলে ধরেন তামিম ইকবাল। তিনি বলেন, “আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে চট্টগ্রামে যখন এমসিসি আসছিল, আমি ওই ম্যাচে বল বয় ছিলাম। আরও অনেক ম্যাচে ছিলাম।”

 

news