মিরপুরে সোমবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। তবে এই ম্যাচে জয়ের আনন্দের মাঝেই এসেছে শাস্তির খবর—স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

আজ (বুধবার) এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই শাস্তির কথা জানায়। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করার কারণে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দলের ওপর এই জরিমানা আরোপ করেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ করে ম্যাচ ফির জরিমানা করার নিয়ম রয়েছে।

মেহেদী হাসান মিরাজ নিজের দোষ স্বীকার করে নেওয়ায় প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে আলাদা কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগটি উত্থাপন করেন।

 

news