সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। এই অর্জনকে ঘিরে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করে সংবর্ধনার। সেই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটন ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেন। ১৮ দিন পর আজ সিটি কর্পোরেশন কার্যালয়ে সেই প্রতিশ্রুত পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
সিটি কর্পোরেশন মূলত নাগরিক সেবার কাজ করলেও ফুটবলের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দেশের ফুটবলের তৃণমূল পর্যায় ‘পাইওনিয়ার লিগ’-এ দীর্ঘদিন ধরে অর্থায়ন করে আসছে সিটি কর্পোরেশন। পাশাপাশি তাদের অনেক মাঠও বাফুফে বিভিন্ন খেলায় ব্যবহার করে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “সিটি কর্পোরেশন আরও ছয়টি মাঠ খেলার জন্য উন্মুক্ত করছে, এটা দারুণ বিষয়। শুধু মাঠ উন্মুক্ত করলেই হবে না, সংস্কার ও উন্নয়নও করতে হবে। কোচ কিংবা টেকনিক্যাল সাপোর্ট বাফুফে দেবে।”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটন মাঠ ব্যবহারের প্রসঙ্গে বলেন, “আমরা ইতোমধ্যে মাঠগুলো উন্মুক্ত করছি। পাশাপাশি সংস্কার ও ফুটবল উপযোগী করতে যা যা প্রয়োজন, সিটি কর্পোরেশন তা করবে।”
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করেছে সিটি কর্পোরেশন। এটি সামান্য হলেও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন প্রশাসক। তিনি বলেন, “তোমরা সামনে জাতীয় দলে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। নানা বাধা আসবে, সেগুলো পার হওয়ার জন্য আমরা সবাই তোমাদের পাশে আছি।”
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। এখন তাদের লক্ষ্য এশিয়ান বাছাই পেরিয়ে মূল পর্বে খেলা। সেখানে সফল হলে ফুটবলাররা সিটি কর্পোরেশনকেও ধন্যবাদ দেবে বলে আশা প্রকাশ করেন বাফুফে সভাপতি।
উল্লেখ্য, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দুইবার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন। সেই সময় তার পাশে ছিলেন শফিকুল ইসলাম মিলটন। অনুষ্ঠানে তাবিথকে ‘জনতার মেয়র’ এবং ফুটবলের প্রতি তার অবদানের কথা তুলে ধরা হয়।
সাফ অনূর্ধ্ব-২০ দলে মোট ২৩ জন খেলোয়াড় ছিলেন। তাদের মধ্যে তিনজন প্রবাসী হওয়ায় তাদের চেক পরিবারের কাছে পাঠানো হয়েছে। এসএসসি পরীক্ষার কারণে চারজন খেলোয়াড় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি—তাদের চেক ফেডারেশন গ্রহণ করেছে। কোচিং স্টাফরা আর্থিক প্রণোদনা না পেলেও কেবল ক্রেস্ট পেয়েছেন।
