আর কিছুদিন পরেই বসছে ফুটবল বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে ট্রফি ধরে রাখার মিশনে নামবে লিওনেল মেসি-আলভারেজদের আর্জেন্টিনা। কিন্তু তার আগেই বিপত্তি! দেশটির ঘরোয়া ফুটবল অস্থির। আর সেই অস্থিরতার মাঝেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া জড়িয়ে গেছেন নানা বিতর্কে।
২০২২ বিশ্বকাপ জয়ের পর যেখানে তাপিয়াকে নিয়ে গ্যালারি থেকে উঠত উচ্ছ্বাস, সেখানে এখন শোনা যায় দুয়োধ্বনি। তাঁর সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন। অনেকের মতে, তাঁর কারণেই মেসিদের বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে।
কী হয়েছে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচ খেলছে ইন্দোনেশিয়া, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, জাম্বিয়ার মতো দুর্বল দলগুলোর বিপক্ষে। এমনকি হন্ডুরাস ও আইসল্যান্ডের সঙ্গেও ম্যাচ আছে, যারা বিশ্বকাপেই খেলছে না! অথচ ইউরোপের শক্তিশালী দলগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে। দোষটা তাপিয়ার গলাতেই যাচ্ছে।
এদিকে, তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলাও হয়েছে! বাদী আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। অভিযোগ প্রমাণিত হলে তাপিয়ার ২ থেকে ৬ বছর জেল হতে পারে। তবে এএফএ বলছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
ঘরোয়া লিগ নিয়েও বিতর্ক। ২০২৪ সালে পুনর্নির্বাচিত হয়ে তাপিয়া লিগে দলের সংখ্যা ৩০-এ উন্নীত করেছেন। কিন্তু অবনমন স্থগিত করে দেওয়ায় প্রতিযোগিতার মান কমে গেছে বলে অভিযোগ। রিভারপ্লেট ও এস্তুদিয়ান্তেস লা প্লাতার মতো বড় ক্লাবগুলো তাপিয়ার বিরোধিতা করে এএফএ কমিটি ছেড়েছে।
এর মাঝে খেলোয়াড়রা কী বলছেন? আর্জেন্টিনা মিডফিল্ডার রদ্রিগো ডি পল জানিয়েছেন, ‘আমরা ফুটবলার। এখানে এসেছি ফুটবল খেলতে। রাজনীতি আমাদের কাজ না, এসব বুঝিও না।’
অধিনায়ক লিওনেল মেসিও দূরত্ব বাড়াচ্ছেন। আগে যেখানে তাপিয়া নিয়মিত মেসির ছবি পোস্ট করতেন, সেখানে এখন আর তা দেখা যায় না। সম্প্রতি প্রীতি ম্যাচ খেলে মাঠ ছাড়ার সময় কোনো কথাই বলেননি মেসি।
তবে আর্জেন্টিনা কি এই সংকট সামাল দিতে পারবে? ইতিহাস বলে, ১৯৮২ ও ২০০৬ বিশ্বকাপে ইতালিও ঘরোয়া সংকটের মাঝেই জিতেছিল। ফুটবল বিশ্লেষক এজেকুয়েল ফার্নান্দেজ মুরসের মতে, ‘প্রশাসন ও ফুটবলের সম্পর্ক কখনো সরাসরি প্রভাব ফেলে, কখনো ফেলে না। ফুটবল অনেক সময় নিজস্ব এক জগত।’
তা হোক, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ঘরেই যেন আগুন লাগা। এখন দেখার বিষয়, মেসি ও তাঁর সতীর্থরা কি এই অগ্নিপরীক্ষায় পুড়ে না উঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, নাকি মাঠের বাইরের খেলাই ডুবিয়ে দেবে স্বপ্নকে!
