বিসিএলের প্রথম রাউন্ড শেষ হয়েছে দারুণ এক ম্যাচের মধ্য দিয়ে। সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোন জিতেছে ইনিংস ও ৫৩ রানে। এই বড় জয়ের নায়ক অমিত হাসান। একাই তিনি করে ফেলেছেন ১৬২ রান। কিন্তু এত কিছুর পরেও তার মনটা ভারি। হাঁ, ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপটা থেকেই গেছে।
আজ সিলেটে গণমাধ্যমে মুখোমুখি হয়ে অমিত জানালেন মনের কথা, ‘আমাদের জন্য মুখ্য বিষয় হলো ইনিংস ব্যবধানে জয়। দলের প্রয়োজনে অবদান রাখতে পারা অনেক বড় ব্যাপার। কিন্তু সত্যি বলতে, প্রত্যেক ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে ডাবল সেঞ্চুরি করার। আমারও ইচ্ছে ছিল। সেটা আর হলো না।’
মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে দাঁড়িয়ে সহজ হয়ে গিয়েছিল খেলা? অমিত বললেন, ‘সত্যি কথা বলতে, মুশফিক ভাইয়ের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান সঙ্গে থাকায় খেলাটা অনেক সহজ লেগেছে। তাঁর সঙ্গে উইকেটে অনেক সময় কাটানোটা আসলে একটা শেখার সুযোগ ছিল।’
মুশফিক কী বলেছিলেন? অমিত জানান, ‘ভাই বলছিল—রিজিকের মালিক আল্লাহ। তুই নিজের খেলা খেলতে থাক। আল্লাহ চাইলে ডাবল সেঞ্চুরি হবেই।’
জাকের আলি কনকাশন হলে হঠাৎ সুযোগ পেয়েছিলেন অমিত। মাঠে নেমে চমক দিলেন। অমিত বলেন, ‘এটা লাকি না আসলে। জাকের আলি অনিক ভাই মাথায় ব্যথা পেয়েছেন, তাই কনকাশন সুবিধায় আমাকে নামানো হয়। আমি সব সময় প্রস্তুত থাকি। সুযোগ পেলেই চেষ্টা করি ভালো কিছু করার।’
