ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ দীর্ঘদিন পর পাকিস্তানি বংশোদ্ভূত কোনো ক্রিকেটার মাঠে নামতে যাচ্ছেন। দিল্লি ক্যাপিটালস দলে টেনে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার রেহান আহমেদকে। কিন্তু কীভাবে এল এই সুযোগ? পড়ুন বিস্তারিত।

আইপিএলের শুরুর দিকে অনেক পাকিস্তানি ক্রিকেটারই এই লিগে খেলেছেন। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে গত এক দশকের বেশি সময় ধরে কোনো পাকিস্তানি খেলোয়াড় আইপিএলে খেলতে পারেননি। এমনকি ভারতের মাটিতে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিতেও দেরি করেছিল ভারত। কিন্তু পাকিস্তানিদের প্রতি ভারতের এই অনীহা কাটিয়ে এবার দল পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটার।

দিল্লি ক্যাপিটালস দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার রেহান আহমেদ। দলে জায়গা হয়েছে ইংলিশ ব্যাটার বেন ডাকেটের বিকল্প হিসেবে। ৭৫ লাখ রুপিতে আইপিএলের বাকি মৌসুমে দিল্লির জার্সিতে খেলবেন রেহান।

মৌসুম শুরুর আগে মিনি নিলাম থেকে দুই কোটি রুপিতে ডাকেটকে কিনেছিল দিল্লি। কিন্তু আইপিএল শুরুর ঠিক আগে নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন এই ইংলিশ ব্যাটার। আইপিএলের নিয়ম অনুযায়ী, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করায় ডাকেট দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডাকেট নাম তুলে নেওয়ার পর তার বিকল্প হিসেবে কাউকে না নিলেও টুর্নামেন্টের মাঝপথে সেই সুযোগ কাজে লাগিয়েছে দিল্লি। সর্বশেষ বিগ ব্যাশে দারুণ পারফর্ম করা রেহানের ওপর আস্থা রাখছে দলটি। এবারই প্রথম আইপিএলে খেলতে নামছেন এই তরুণ অলরাউন্ডার।

আইপিএলে প্রথমবার খেললেও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে রেহানের। এর আগে টি-টোয়েন্টি ব্লাস্ট, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৮.১৩ ইকোনমি রেটে ৮৫টি উইকেট নিয়েছেন। সঙ্গে ১২৬ স্ট্রাইক রেটে ১০৭১ রানও আছে রেহানের ঝুলিতে।

 

news