বিরাট কোহলি মানেই যেন রেকর্ডের বন্যা! প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে ঘোরাতে শুক্রবার বেঙ্গালুরুতে এমন এক ইনিংস খেললেন যা ভক্তদের দিয়েছে উন্মাদনা, আর প্রতিপক্ষ গুজরাট টাইটান্সকে নিয়ে এসেছে হতাশা। কেবল যে দল জিতল তাই নয়, এক ম্যাচেই গড়ে ফেললেন তিনটি অসাধারণ মাইলফলক।
গতকাল শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দারুণ এক টি-টোয়েন্টি লড়াই দেখল ক্রিকেট বিশ্ব। আগে ব্যাট করে গুজরাট টাইটান্স তুলেছিল ৩ উইকেটে ২০৫ রান। দারুণ এক সেঞ্চুরি করেন সাই সুদর্শন—৫৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রান। শুভমান গিল করেন ৩২ রান। তবে এই পুঁজি টপকে জয়ের নাটক লিখলেন কিং কোহলি।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই জ্যাকব বেথেল ফিরে গেলেও দেবদূত পাদিক্কালকে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন বিরাট। তিনি ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অন্যদিকে পাদিক্কাল ২৭ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৭ বল বাকি ও ৫ উইকেট হাতেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।
এই ম্যাচে দারুণ কিছু রেকর্ড নিজের নামে লিখেছেন কোহলি। শুরু করি প্রথম রেকর্ড দিয়ে—তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম ব্যাটার, যিনি নির্দিষ্ট কোনো দেশে (এখানে ভারত) টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন। কোন দেশের মাটিতে খেললেই তাঁর এই রান, ব্যাপারটা এমন। ভারতের মাটিতে এখন তাঁর মোট টি-টোয়েন্টি রান ১০ হাজারের ওপরে। দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার এই তালিকায় রান ৮৫৬৩।
দ্বিতীয় রেকর্ড—আইপিএলে তাঁর ৮০০তম চার মারলেন কাগিসো রাবাদার করা ওভারে। তিনিই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার যিনি ৮০০ চার পূর্ণ করলেন। এই তালিকায় আছেন শিখর ধাওয়ান ৭৬৮, ডেভিড ওয়ার্নার ৬৬৩ ও রোহিত শর্মা ৬৫৩।
তৃতীয় রেকর্ড—রশিদ খানকে উড়িয়ে মারলেন এক বিশাল ছক্কা। সেটাই ছিল আইপিএলে বেঙ্গালুরুর জার্সিতে তাঁর ৩০০তম ছয়। শুধু একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ ছক্কা—এই কীর্তি আর কারও নেই। তবে আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখনও ক্রিস গেইলের ৩৫৭টি ছক্কা। দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা ৩০৯টি ছক্কা, তিনে কোহলি ৩০০-এর বেশি। তালিকায় পরে আছেন মহেন্দ্র সিং ধোনি ২৬৪, এবি ডি ভিলিয়ার্স ২৫১ ও ডেভিড ওয়ার্নার ২৩৬।
ছোট পরিসরের ক্রিকেটেও কত বড় রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি—তা আরেকবার প্রমাণ করলেন তিনি।
