চোট পেয়ে যখন পুরো মৌসুম ছিটকে গেছেন, তখন কি খারাপ খবরের মাঝে ভালো কিছু পাওয়া যায়? হ্যাঁ, পেলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। আর সেই চোট এতটাই গুরুতর যে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না। কিন্তু ঠিক এমন সময়ে এলো স্বস্তির খবর — লা লিগার এপ্রিলের সেরা ফুটবলার তিনিই! শুধু তাই নয়, গড়লেন এক অনন্য ইতিহাসও।
শুক্রবার লা লিগা অফিসিয়ালি জানিয়েছে, এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিনে ইয়ামাল। এই তকমা জিততে তিনি পেছনে ফেলেছেন মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে।
এবারই প্রথম নয়। গত নভেম্বর ও ডিসেম্বরেও এই পুরস্কার পেয়েছিলেন ইয়ামাল। আর এপ্রিলে তৃতীয়বার এই সম্মান জিতে তিনি গড়ে ফেলেছেন ইতিহাস। লা লিগার মাসসেরার পুরস্কারের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি এক মৌসুমে তিনবার এই কীর্তি গড়লেন।
এপ্রিলে বার্সা খেলেছে মাত্র তিনটি ম্যাচ। আর তিনটিতেই জয়। আর এই জয়ের রথের ঘোড়া ছিলেন ইয়ামাল নিজেই। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে তিনি গোল না পেলেও তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ। এরপর এস্পানিওলের বিপক্ষে তো ঝড় তুললেন — একটি গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট। আর সেল্টা ভিগোর বিপক্ষেও জালের দেখা পেয়েছেন এই তরুণ। যদিও সেই ম্যাচেই চোট পেয়ে মৌসুম শেষ হয়ে গেল তাঁর। কিন্তু চোটের গ্লানি ভুলিয়েই দিলেন লা লিগার মাসসেরার পুরস্কার।
বার্সা ও ইয়ামালভক্তদের জন্য এ যেন দুঃসময়ে একটু স্বস্তির খবর। আগামী মৌসুমে ফিরতে পারলেই নতুন রেকর্ডের দেখা মিলবে কি না — সেটাই এখন দেখার অপেক্ষা।
