বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যেমন অবস্থা, এবার শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) ঠিক তেমনই নাটক! সম্প্রতি বিসিবির নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে এডহক কমিটি করা হয়েছে। আর শ্রীলঙ্কায় এলো আরও বড় খবর—বোর্ড সভাপতি শাম্মি সিলভা থেকে শুরু করে পুরো কমিটিই একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন!

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক জরুরি বৈঠকে বসেন এসএলসি সভাপতি শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটি। প্রায় তিন ঘণ্টা ধরে চলে আলোচনা। শেষ পর্যন্ত সবাই একমত হন—এখনই দায়িত্ব ছাড়ার সময় এসেছে। আজ বুধবার তাদের পদত্যাগপত্র জমা পড়বে ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের হাতে।

বৈঠক শেষে কেউই মুখ খোলেননি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তাই নতুন করে বোর্ড গঠন হবে কীভাবে, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চিয়তা। যদিও তারা নিজেরাই পদত্যাগের কথা বলছেন, কিন্তু সবার জানা কথা—দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরকারই তাদের সরিয়ে দিতে বাধ্য করেছে। তার আগেই নিজেরাই সরে দাঁড়ালেন শাম্মি সিলভা ও তার টিম।

উল্লেখ্য, টানা চার মেয়াদে এসএলসির হাল ধরেছিলেন শাম্মি সিলভা। এর মধ্যে তিনবারই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আর এসব নিয়েই বারবার উঠেছে দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ। অবশেষে সেই জটিল পরিস্থিতির অবসান ঘটল নিজেদের পদত্যাগের মধ্য দিয়ে।

 

news