মাঠে দর্শক ফাঁকা। যাঁরা এসেছেন, তাঁরা আশ্রয় নিয়েছেন গ্যালারির ছাদের নিচে। কারণটা একটাই—বৃষ্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হতে দেরি হচ্ছে প্রকৃতির বিরূপ আচরণে।
দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। টসের সময় ধরা ছিল দেড়টা। কিন্তু নির্ধারিত সময়ে টস হয়নি। বরং সময় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত পিচ কাভার দিয়ে ঢাকা, তবে আউটফিল্ডের বড় অংশ খোলাই রাখা হয়েছে। চট্টগ্রামের এই স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা স্বস্তির হলেও আকাশ যদি না সায় দেয়, তাহলে মুশকিলই থাকবে।
বৃষ্টি থেমে গেলে দুপুর ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে পুরো ২০ ওভারই সম্ভব। আর না পারলে শুরু হবে ওভার কাটাকাটি। আম্পায়াররা শেষ পর্যন্ত বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন খেলা শুরুর উপযোগী অবস্থার জন্য। তখনও যদি সম্ভব না হয়, তাহলে ৫ ওভার করে ম্যাচ হবে। সেটাও না হলে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে পারে আম্পায়াররা।
বেলা ১২টায় দুই দলের ক্রিকেটারদের মাঠে আসার কথা থাকলেও তুমুল বৃষ্টিতে সম্ভব হয়নি। তবুও ঝক্কি পোহিয়েই দুপুর ১টার পর মাঠে হাজির হয়েছেন বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে এগিয়ে লিটন দাসের দল। আজ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। কিন্তু বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলা না হলে ট্রফি জয়ের স্বাদ পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হবে শেষ টি-টোয়েন্টি পর্যন্ত।
