হার্দিক পান্ডিয়া প্রায় কান্নাজড়িত কণ্ঠে বলে ফেললেন, এই মৌসুম তাদের জন্য না। আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার পুরোদমে ধসে পড়েছে। ৯ ম্যাচ খেলে ৭টিতেই হার! আর এমন বিপর্যয়ের পর ভেঙে পড়া স্বাভাবিক।

গতকাল চেন্নাইয়ের মাঠ চিপকে ব্যাট করে মাত্র ১৫৯ রান তুলেছিল মুম্বাই। চেন্নাই সুপার কিংস সহজেই ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে সেই রান টপকে যায়। এই হারের পর মুম্বাইয়ের অবস্থান ১০ দলের মধ্যে ৯ নম্বরে।

ম্যাচ শেষে হার্দিক বলেন, 'শুধু এই রাত নয়, গোটা মৌসুমটাই আমাদের পক্ষে আসেনি। তারা (চেন্নাই) সব দিকেই ভালো খেলেছে— ব্যাটিং, বোলিং, ফিল্ডিং।'

মাত্র ১০.৫ ওভারেই মুম্বাই দলীয় ১০০ রান তুলে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত থামে মাত্র ১৫৯-এ। শেষ দিকে মোমেন্টাম ধরে রাখতে পারেনি দল। হার্দিকের কথায়, 'আমরা ভেবেছিলাম ১৮০-১৯০ রান করব। কিন্তু ১০ ওভার পর মোমেন্টাম হারিয়ে ফেলি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা সহজ ছিল না। আর চেন্নাই থিতু হওয়ার পর বোলাররা তাদের চাপ দিতে পারেনি।'

নিজেদের ব্যর্থতার বিষয়েও স্পষ্ট হার্দিক। তিনি বলেন, 'তাদের বোলিং ইউনিট ভালো ছিল, আর আমাদের ব্যাটিং ইউনিট খারাপ ছিল।' শেষ ৫৫ বলে মুম্বাই হারিয়েছে ৪ উইকেট, তুলেছে মাত্র ৫৯ রান!

প্রশ্ন করা হয়েছিল, চেন্নাইয়ের জন্য লক্ষ্য তাড়া কঠিন করতে মুম্বাই আরও আক্রমণাত্মক হতে পারত কি না? জবাবে হার্দিক বলেন, 'কতটা আক্রমণাত্মক হওয়া যেত, জানি না। তাদের অলআউট করতে হলে আগুনের বল দরকার ছিল। কিন্তু চেন্নাই বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলেছে। ভালো খেলেছে তারা, এটাই শেষ কথা।'

 

Walton Ads