আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে তারা। আর কী দারুণ! শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এখন টাইগাররা উঠে এসেছে অষ্টম স্থানে।

সর্বশেষ এই র‌্যাংকিংয়ে ২০২৫ সালের মে থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং তার আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে পয়েন্ট গণনা করা হয়েছে। ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। আর ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

সেরা সাতের অবস্থানে কোনো বদল আসেনি। চার নম্বরে নিউজিল্যান্ড (২৪৭ পয়েন্ট)। পাঁচে দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট)। ছয় নম্বরে পাকিস্তান (২৪০ পয়েন্ট)। আর সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট)।

শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমেছে নয় নম্বরে। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে এক পয়েন্ট। ফলে ২২৫ পয়েন্ট নিয়ে টাইগাররা এখন অষ্টম স্থানে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে, যা শ্রীলঙ্কার ঠিক এক পয়েন্ট পেছনে।

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১ ও ১২ নম্বরে অপরিবর্তিত। তবে বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বাড়িয়ে তারা দুই ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। আর নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড নামল ১৪ ও ১৫ নম্বরে।

 

news