পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে নামার আগেই বড় মন্তব্য করে ফেললেন পাক তারকা শাহিন আফ্রিদি। তিনি বলছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার কথা। আর যা বললেন, তাতে দেশের ক্রিকেটভক্তদের গর্ব তো হবেই, সঙ্গে খানিক হাসিও পাবেন।
জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা দুই বছর পেরিয়েছে নাহিদ রানার। সাদা বলের ক্রিকেটে এতটা ধারাবাহিক না হলেও লাল বলের ফরম্যাটে ঝড় তুলেছেন এই গতি তারকা। সম্প্রতি পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও দুর্দান্ত করেছেন। এবার পাকিস্তানের বিপক্ষেই টেস্ট সিরিজে দেখা যাবে তাকে।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এসে শাহিন আফ্রিদি জানান, এর আগে শন টেইটের সঙ্গেও নাহিদ প্রসঙ্গে কথা হয়েছে। শাহিন বলেন, ‘আমি ওয়ানডে সিরিজ শুরুর আগে শন টেইটের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়, নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি, বাংলাদেশ তাকে ভালোভাবে ব্যবহার করবে।’
তবে হাস্যরস করতেও ভুললেন না পাক পেসার। তিনি বলেন, ‘নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।’
অতীতে টেস্ট সিরিজ হারের প্রসঙ্গে আফ্রিদি একেবারেই অতীতে গিয়ে আটকে থাকতে নারাজ। তার ভাষ্য, ‘অতীত তো অতীতই। আমি ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেদের তৈরি করা।’
পরে স্পষ্ট করে বলেন, ‘আমাদের আসল লক্ষ্য হলো চ্যাম্পিয়নশিপ জেতা, মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। শুধু একটা সিরিজ জিতলেই হবে না। দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা সেটার জন্যই তৈরি হচ্ছি।’
তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে নাহিদ রানার দিকেই। শাহিন আফ্রিদির মতো বিশ্বসেরা পেসার যখন বলছে ‘বাংলাদেশের সম্পদ’, তখন গর্ব তো হবেই। এবার দেখার, মাঠের লড়াইয়ে সেই সম্পদের মূল্য কতটা বুঝিয়ে দেন নাহিদ!
