পাকিস্তান দল এখন ঢাকায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসে আজ বুধবার সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদি বেশ সরব হয়েছেন। অন্য প্রসঙ্গের পাশাপাশি তিনি মন্তব্য করেন, ঘরের মাঠে উইকেটের সুবিধা নেওয়ার ব্যাপারটা বাংলাদেশও কম করে না।

আফ্রিদির ভাষ্যে, ‘আপনি যদি দেখেন, বাংলাদেশও যখন তাদের ঘরের মাঠে খেলে, তখন তারাও স্পিনবান্ধব উইকেট বানায়। যে দলই নিজেদের কন্ডিশনে খেলুক না কেন, তারা সেই কন্ডিশন ব্যবহার করার চেষ্টা করে।’

নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে শাহিন জানান, ‘আমাদের সামনে বড় লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। কীভাবে ফাইনালে কোয়ালিফাই করা যায় কিংবা ফাইনাল খেলা যায়, সেটাই আমাদের মূল ফোকাস। দল হিসেবে আমরা সবাই বুঝি, টেস্ট ফরম্যাটে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’

যে কারণে এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আফ্রিদি, ‘এই প্রথমবার আমরা এত লম্বা একটা টেস্ট মৌসুম খেলতে যাচ্ছি। তাই প্রথম টেস্টের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এখানকার কন্ডিশন আমাদের কতটা মানিয়ে নিতে সাহায্য করছে, সেটাই দেখার বিষয়। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।’

বাংলাদেশকে কিন্তু হালকাভাবে নিচ্ছেন না শাহিন। তার মতে, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি এবং এই সিরিজটিকে কীভাবে দেখছি। আমরা শুধু এই সিরিজের দিকে তাকাচ্ছি না, আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ।’

আগামী শুক্রবার মিরপুরে মুখোমুখি হবে দুই দল। তার আগে শাহিন আফ্রিদির এই মন্তব্য ঘরের মাঠে বাংলাদেশের জন্য নতুন করে মাত্রা যোগ করল। দেখা যাক, স্পিন বান্ধব উইকেটেই বা জয় কার দখলে যায়!

 

news