বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে। সেই পরিকল্পনার মোড়ল হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। যিনি আপাতত জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য। আগামী মৌসুমে এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে তাকেই।

জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন। এবার এই নিয়েই মুখ খুললেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। আর যা বললেন, তাতে বুঝা যাচ্ছে, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

সিমন্স বলেন, ‘আমার মনে হয় এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় উপকার বয়ে আনবে। সালাউদ্দিন জানেন আমরা জাতীয় দলে ঠিক কী করতে চাই। ফলে তিনি যখন এইচপিতে কাজ করবেন, তখন নিচের স্তর থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে সেই বিষয়গুলো গেঁথে দিতে পারবেন।’

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ। তাঁদের অভিষেক হতে পারে কি না, সেই প্রশ্নে সিমন্স বলেন, ‘দলে তরুণ এবং নতুন খেলোয়াড় আসা সবসময়ই ভালো। আগামীকাল আমরা বসব এবং চূড়ান্ত একাদ্ধ নিয়ে সিদ্ধান্ত নেব। তাই যে কারো অভিষেকের সুযোগ সবসময়ই থাকে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু ঠিক করা হয়নি।’

পরে আরও যোগ করেন এই টাইগার কোচ, ‘র‍্যাঙ্কিংয়ে উপরে উঠতে হলে বিশ্বমানের বোলারদের বিপক্ষেই খেলতে হবে। আমাদের ইউনিট হিসেবে বড় স্কোর করার মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, যা দলের জন্য ইতিবাচক। তবে উইকেট ক্রিকেটের জন্য ভালো হবে। আমাদের পরিকল্পনা হলো পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ সময় ব্যাটিং করা।’

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে এইচপি ইউনিটকে আরও শক্তিশালী করতে চায় বিসিবি। সালাউদ্দিনের সেই দায়িত্ব নেওয়ার পেছনে মূল কারণও তাই। আগামী দিনে এর ফলে ঘরোয়া ক্রিকেটের স্তর কতটা বদলায়, সেদিকেই তাকিয়ে থাকবে সবাই।

 

news