জার্মানির হয়ে ৪৯ ম্যাচ খেলা ডিফেন্ডার নিকলাস সুয়েল ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন। বয়স এখনও সবে ৩০ বছর। আর এই বয়সেই পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন ডর্টমুন্ডের এই তারকা। বড় চোট এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সুয়েলের ক্যারিয়ার শুরু হফেনহাইমে। ২০১৭ সালে বায়ার্ন মিউনিখে পাড়ি জমান তিনি। বাভারিয়ানদের জার্সি গায়েই পাঁচবার বুন্দেস লিগা আর ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০২২ সালে যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে।
বৃহস্পতিবার ‘স্পেইলম্যাচার’ নামের এক পডকাস্টে এসব কথা জানান সুয়েল। গত মাসে হফেনহাইমের বিপক্ষে হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর এমআরআই করানোর পর বুঝতে পারেন, হয়তো শেষ সময় চলে এসেছে। ‘আমার কাছে ১০০০ শতাংশ নিশ্চয়তা ছিল যে এখানেই শেষ’, বলেছেন জার্মান ডিফেন্ডার।
আর কী বলেছেন সুয়েল? ‘জীবনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো খারাপ দিক কল্পনাও করতে পারছি না। ছুটি কাটানো, নিজের সন্তানদের সঙ্গে সময় কাটানোর মতো স্বাধীনতা চাই। এর মাঝেই তৃতীয়বার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার যন্ত্রণা মেনে নিয়েছি।’ তবে চতুর্থবার এসিএল চোট হয়নি দেখে স্বস্তি রয়েছে তার কণ্ঠেও।
এবার বুন্দেস লিগায় ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডর্টমুন্ড। ১৬ পয়েন্ট বেশি নিয়ে আগেই শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। দুই দলেরই এখন বাকি দুটি করে ম্যাচ। ১৬ মে ফ্রাঙ্কফুর্ট ও ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে দলের শেষ ম্যাচ। সেখানেই পূর্ণবিরতি চিহ্ন পড়বে সুয়েলের দীর্ঘ ক্যারিয়ারে।