শেষ বিপিএল আসর শেষ হয়েছে চার মাস আগে। কিন্তু তার ঝড় এখনও থামেনি। মালিকানা আর পেমেন্ট ইস্যু নিয়ে তোলপাড় চলছেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গেল আসরে দুটি দল কোনো চুক্তি ছাড়াই খেলেছে! ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও নেয়া হয়নি। এবার সেই প্রসঙ্গেই সরব হলেন বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয় নাই। এটাকে কী আপনি শুধু ভুল বলবেন? না, এখানে জবাবদিহিতা চাই।’
তামিম সরাসরি প্রাক্তন বিপিএল কমিটির প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কথাও টেনে আনেন। তিনি বলেন, ‘তাহলে উনাকে জবাবদিহিতা করতে হবে। সে কী কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছেন? একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করা উচিত ছিল, সেটা কেন দেওয়া হয়েছে? সব প্রশ্নের উত্তর দিতে হবে।’
তবে তামিম সাফ জানিয়ে দেন, ব্যক্তিগত আক্রমণ নয় তাঁর উদ্দেশ্য। তিনি বলেন, ‘আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে থাকে, তাকে জবাবদিহিতা করতে হবে—যেই হোক না কেন। আমি যদি এখন কোনো ভুল করি, তাহলে আমাকেও জবাব দিতে হবে।’
গেল বিপিএলে কত টাকা লোকসান হয়েছে? তামিম বলেন, ‘পুরোপুরি নিশ্চিত না, তবে ১৪-১৬ কোটি টাকা লস হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আপনি কাল সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।’
