২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর এনেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে তার বাজেট বক্তৃতা সম্প্রচার শুরু হয়। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ৫৪তম বাজেট।
অর্থ উপদেষ্টা জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২ দশমিক ৭ শতাংশ।
এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং পরিচালনসহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “২০১৫ সালের পর নতুন কোনো বেতন কাঠামো কার্যকর হয়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করছি।”
তিনি আরও বলেন, চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মদক্ষতা বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি।
অর্থ উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, প্রস্তাবিত বাজেট দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
সরকারি চাকরিজীবীদের জন্য এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যারা মনে করছেন এটি দীর্ঘদিন ধরে দাবি করা একটি ন্যায্য দাবির প্রতিফলন।