পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাত দিন।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেয়া হয়।’

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন। ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবেকদরের ছুটি।

১৮ মার্চ ছুটি অনুমোদন দেওয়ায় সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এই সিদ্ধান্তে বাড়তি ছুটি পেয়ে খুশি সাধারণ মানুষ। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।

 

news