স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোস করেননি।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা
বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল মহান স্বাধীনতা যুদ্ধ এবং দীর্ঘ ১৮ বছরের গণতান্ত্রিক সংগ্রামে প্রাণ দেওয়া শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একই সঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান।
গণতন্ত্র ছিল খালেদা জিয়ার প্রধান লক্ষ্য
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল লক্ষ্যই ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, তার নেতৃত্বে দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছিল।
এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।
কৃষক ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
মির্জা ফখরুল বলেন, কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছিলেন। পাশাপাশি ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিকে এগিয়ে নিতে খালেদা জিয়া নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি কখনো আপোস করেননি।
