প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বৃহস্পতিবার বেলা ৩টায় তথ্য কমিশন বাংলাদেশ পরিদর্শন করেন।
এ সময় তিনি তথ্য কমিশনের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। পাশাপাশি তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন এবং কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য কমিশনের বর্তমান অবস্থা, কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
মতবিনিময়কালে তথ্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চা জোরদার, জনগণের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
তথ্য কমিশনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। এ লক্ষ্যে কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।
তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।