কানাডা-বাংলাদেশ চেম্বারের শুভেচ্ছা দূত নিপুণ
এক সময়ের আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তারকে এখন মাঝেমধ্যেই পর্দায় দেখা যায়। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। পাশাপাশি তার সংগঠন ও ব্যবসায়িক ব্যস্ততাও রয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পর বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। এবার কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
দায়িত্বের বিষয়ে নিপুণ বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করব আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।’
জানা যায়, চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে বাণিজ্য উৎসব। সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’-র অনুষ্ঠান।
এনবিএস/ওডে/সি