প্রযোজক আনবো, তার আগে পরিবেশ দরকার: নিপুণ
চিত্রনায়িকা নিপুণ নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি বাইরে থেকে প্রযোজক আনবেন এবং অনেকটা স্থবির হয়ে পড়া চলচ্চিত্রের ধমনীতে আবারও রক্তের সঞ্চার করবেন। অবশ্যই এদেশের চলচ্চিত্রশিল্প আগের মতোই রমরমাও হয়ে উঠবে। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির ক্ষমতা বুঝে পেলেও নিপুণ নিজে চলচ্চিত্রে নতুন করে ব্যস্ত হয়েছেন, কোনো প্রযোজক আনেননি।
এ কথা তাকে মনে করিয়ে দেওয়া হলে তিনি বলেন, ‘অবশ্যই আমি কথা থেকে সরে যাইনি। প্রথমত দীর্ঘ প্রায় নয় মাস আমাকে সাধারণ সম্পাদক হিসেবে বৈধতা নিয়ে রীতি মতো যুদ্ধ করতে হয়েছে।
স্বস্তি নিয়ে চেয়ারে বসলাম মাত্র কয়েক মাস হলো। ক্ষমতায় বসেই আগে যেসব শিল্পীরা সমিতি থেকে সদস্যপদ হারিয়েছিলেন, তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। এছাড়া মহামারির কারণেও আমাদের চলাফেরা সীমিত পরিসরে হয়েছে।’
তিনি বলেন, ‘আমি প্রযোজক নিয়ে আসবো। যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা কেউ চলে যাননি। আগে চলচ্চিত্রের পরিস্থিতি ঠিক হওয়া দরকার। একজন এখানে অর্থ খাটাবেন, লাভ না হোক যদি আসলটাও ফেরত না পান তাহলে কোন বিবেকে আমি একজনকে লগ্নী করতে বলতে পারি। এজন্য আমরা সব সংগঠন মিলেই প্রদর্শন ক্ষেত্রকে ঠিক করার চেষ্টা করছি। প্রদর্শন ক্ষেত্র ঠিক হয়ে গেলে আমার কাউকে আনতে হবে না। লগ্নীকারকরা নিজেরাই বিনিয়োগ করতে এগিয়ে আসবেন।’
এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘গত নির্বাচনে আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন। আগামীতেও যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি নেতৃত্বের সীমা বাড়াবো।’
সম্প্রতি নিপুণ অভিনীত পর পর দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি ছবি হলো ‘বীরত্ব’ এবং আরেকটি ‘ভাগ্য’। এ দুটি ছবির মধ্যে ‘ভাগ্য’ ভালো ব্যবসা করেছে। এজন্য তিনি দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘বীরত্ব’ ছিল নিপুণের একটি ব্যতিক্রমী চলচ্চিত্র। সেটিতে তিনি একজন পতিতার চরিত্রে অভিনয় করেছেন। জানান, এ ছবিটিতে কাজ করতে গিয়ে গোটা ইউনিটকে খুব শ্রম দিতে হয়েছে। তিনিও তার ব্যতিক্রম নন।
এনবিএস/ওডে/সি