বিপদে আছেন ‘কাঁচা বাদাম’ গায়ক!

‘আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম/আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’; মাস কয়েক আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল গানটি। আর এই গানটি দিয়েই রাতারাতি পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন ভারতের বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর। এখন এই ভাইরাল গায়ক ব্যাপক বিপদে আছেন।

তার অবস্থা বর্তমানে এমন হয়েছে যে, কপিরাইটের বেড়াজালে পড়ে এই গানটি গাওয়া তো দূরে থাক, এখন কোনো গানে বাদাম শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি! নিজের এই দুরাবস্থার কথা গণমাধ্যমে জানিয়েছেন ভুবন বাদ্যকর। তার দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের জালে ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।

তিনি বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে, আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে।’

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ ভুবন বাদ্যকরের। তিনি বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান কিনে নিয়েছি। ফোন করলে ফোনও ধরে না এখন।’

ইতোমধ্যেই ওই সংস্থার নামে আদালতে মামলা করেছেন ভুবন বাদ্যকর। নতুন গান বাঁধার কথা ভাবছেন, তবে মন ভেঙে গেছে পুরোপুরি। দেশ-বিদেশজুড়ে ভাইরাল হয়েছিল ‘কাঁচা বাদাম’ গানটি। আর এই জনপ্রিয়তায় ভর করে স্টার জলসার ‘ই-স্মার্ট জোড়ি’তেও অংশ নিয়েছিলেন ভুবন বাদ্যকর ও তার স্ত্রী। অথচ এখন হাতে কাজ নেই এই ভাইরাল সেনসেশনের। বেশ কষ্ট করেই দিন কাটছে তার।

এনবিএস/ওডে/সি

Walton Ads