জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ মাতাবেন যারা

আগামী ৯মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও নুসরাত ফারিয়া।

বিটিভির অতিরিক্ত মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ জানিয়েছেন, প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। শাস্ত্রিয় নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পাঁচ মিনিটের একটি নৃত্যানুষ্ঠান দিয়ে আয়োজন শুরু হবে। ‘বঙ্গবন্ধু’কে নিয়েও তার একটি পরিবেশনা রয়েছে।

‘বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছ’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’সহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন দেশের তারকা শিল্পীরা। তাদের মধ্যে থাকছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, পূজা চেরি, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরব ও জায়েদ খান। ২৮ ফেব্রুয়ারি থেকে নিকেতনে শুরু হয়েছে রিহার্সাল।

গান গেয়ে পুরস্কার প্রদান আসর মাতাবেন কন্ঠশিল্পী মমতাজ বেগম, পার্থ বড়ূয়া, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ূয়া। ২০২১ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। মুজিববর্ষের বিশেষ সিনেমার পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন যৌথভাবে ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।

এনবিএস/ওডে/সি

Walton Ads