ওমান যাচ্ছেন দেশের চার শিল্পী
সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে চাহিদা বেড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনের শিল্পীদের। সেই ধারাবাহিকতায় এবার ওমান যাচ্ছেন দেশের চার শিল্পী। সেখানের একটি লাইভ কনসার্টে মঞ্চ মাতাবেন তারা।
২ মার্চ দেশটির রাজধানী মাস্কাটে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় সংগীত ও সাংস্কৃতিক উৎসব। ওমানের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশ ছাড়াও আরও অংশ নেবেন সৌদিআরব, ভারত ও পাকিস্তানের শিল্পীরা। পাঁচ দিনের এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ন্যানসি, ইমরান মাহমুদুল এবং চিত্রনায়ক শাকিব খান।
জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি (রবিবার) ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সদস্য ও উৎসবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জামাল বিন সাইদ আল তাজ এই উৎসবের ঘোষণা দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ওমানের ইতিহাসের সবচেয়ে বড় লাইভ কনসার্ট হতে যাচ্ছে এটি। সেই সঙ্গে ব্যতিক্রম একটি আয়োজনও। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্থানীয় মেধাবীরা বৈশ্বিক তারকাদের সঙ্গে একই মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন। ওমান অবজার্ভার
মাসকটের অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘মাস্কাট বিটস’। অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জায় ২৪ মিটার প্রশস্ত বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে কনসার্টটির জন্য। প্রতিদিন প্রায় ২০ হাজার দর্শক এতে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। সেই সঙ্গে ওমানের এই ‘মাস্কাট বিটস’-এ অংশ নেবেন মোট ১৩০ জন সংগীতশিল্পী।
২ মার্চের পর ৩, ৪, ১০ ও ১১ মার্চ চলবে ‘মাস্কাট বিটস’র আয়োজন। উৎসবটি শুরু হবে সৌদির জনপ্রিয় তারকা আয়েধ ইউসুফের পরিবেশনা দিয়ে। ৩ মার্চ পারফর্ম করবেন ভারতের মিউজিক্যাল জিনিয়াস ইলাইয়ারাজা এবং ৪ মার্চ অংশ নেবেন বাংলাদেশি শিল্পীরা। ১০ মার্চ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের গায়িকা সুনিধি চৌহান।
এনবিএস/ওডে/সি