ঢাকার ছবিতে শ্রীলেখা মিত্র

কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র যুক্ত হয়েছেন ঢাকার একটি ওয়েব ছবিতে। যেখানে তাকে দেখা যাবে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে। আর তার প্রতিষ্ঠানের কর্মীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দর্শনা বণিক। ‘কলকাতা ডায়েরিজ’ নামের এই ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন রাশেদ রাহা। জানা গেছে, এই সিনেমার গল্পও লিখেছেন রাশেদ স্বয়ং। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার।

বর্তমানে এ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শ্রীলেখা। উত্তর কলকাতা থেকে বোলপুরের অলিগলিতে দৃশ্যধারন করা হচ্ছে এই সিনেমার। শুটিং কলকাতায় হলেও ওয়েব ফিল্মটি ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠানের। নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। সিনেমাটি শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি দেওয়া হবে।

এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘ঢাকা বরাবরই আমার প্রিয় তালিকায়। এখানের ছবিতে অভিনয়ের অনুভূতি অসাধারণ। এখানে আমার চরিত্রের নাম অনামিকা সাহা। যে অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে জীবনে সফল হয়। নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে আমার চরিত্রটি। ছবিতে পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন।

এর আগে, রাশেদ রাহা ও খায়রুল বাসারের ‘ভালোবাসা দার্জিলিং’ নামে এক টেলিছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বছর তিনেক আগে টেলিছবিটি ঢাকার এক বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হয়। মাসখানেক আগে নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে গেছেন শ্রীলেখা।

এনবিএস/ওডে/সি

Walton Ads