সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি’ স্লোগানে উৎসব
সম্প্রীতির সংস্কৃতি আনবেই মুক্তি’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে ‘বাংলাদেশ পথনাটক উৎসব ২০২৩’। ১মার্চ বিকেল সাড়ে চারটায় ছয় দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন নাট্যকার-নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এদিন উদ্বোধন শেষে ৩টি পথ নাটক প্রদর্শিত হয়। প্রাচ্যনাটের ‘নাইওর’ নামের নাটকটি দিয়ে শুরু হয় এই আয়োজন। জগন্ময় পালের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। এরপর প্রদর্শিত হয় খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘বাঁচার লড়াই’। এটির রচনা ও নির্দেশনায় ছিলেন একেএ কবীর। সব শেষে প্রদর্শিত হয় বৃত্ত নাট্যদলের ‘অভিশপ্ত ছায়া’। এটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শামসুদ্দিন শাকিল।
জানা যায়, ২মার্চ (বৃহস্পতিবার) মঞ্চস্থ হবে মাহফুজুর রহমান সবুজের রচনা ও নির্দেশায় নাটক ‘চক্কর’, নাদিম মোড়লের রচনা ও নির্দেশনায় ‘ভিক্ষুক সমাচার’, আলমগীর হোসেনের নির্দেশনায় ‘ভুল সবই ভুল’ ও সাহাদাত হোসেন সাহিদের নির্দেশনায় ‘সূর্যোদয়ের হুংকার’।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ উৎসবে সারাদেশের ৩০টি নাট্যদল ৩৫টি নতুন নাটক নিয়ে অংশগ্রহণ করবে। এবারের আয়োজনে ৩৮ জন নাট্যকারকে সম্মাননা জানানো হবে।
এনবিএস/ওডে/সি