এবারের অস্কার মঞ্চের টুকিটাকি
শুরু হতে যাচ্ছে সিনেমা দুনিয়ার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরষ্কার ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আসর। বাংলাদেশ সময় অনুযায়ী ১৩ মার্চ ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই আয়োজন। সম্মানিত করা হবে গত বছরের সেরা সিনেমা, নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের। এবছরের অস্কার আয়োজনের উল্লেখযোগ্য নানা দিক নিয়ে আমাদের সময় ডট কমের এই প্রতিবেদন।

এর আগে টানা দুই বছর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিলেন যারা, তারা দুজনই ছিলেন নারী নির্মাতা। কিন্তু এ বছর এই ক্যাটাগরিতে কোনো নারীই মনোনয়ন পাননি। অনেকে ভেবেছিলেন এবার ‘দ্য ওম্যান কিং’-এর জন্য জিনা প্রিন্স-বাইদারহুড মনোনয়ন পেতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়া হয়নি। নির্মাতা শার্লট ওয়েলসও বাদ পরেছেন এই তালিকা থেকে।

এবছর অস্কার দৌড়ে এগিয়ে আছে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স’। ইতোমধ্যে ক্রিটিকস চয়েজ, ডিরেক্টরস গিল্ড, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস রয়েছে এই সিনেমার ঝুলিতে। অস্কারেও পেয়েছে ১১ শাখায় মনোনয়ন। সিনেমা বোদ্ধারা অনুমান করছেন সেরা সিনেমা, সেরা অভিনেত্রী ও সেরা পরিচালক- এই তিন ক্যাটাগরির অন্তত দুটি জিতবে এই ছবি। সেরা ছবি, সেরা পরিচালক ক্যাটাগরিতে ছবিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দ্য বানশিজ অব ইনশেরিন। ধারণা করা হচ্ছে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে বিজয়ী হবেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো। এই বিভাগে ইয়োর শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন টার সিনেমার কেট ব্লানচেট।

অবাক করা ক্যাপার হচ্ছে চলতি বছর অস্কারে সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া পাঁচজনই নতুন মুখ। ১৯৩৫ সালের পর অস্কারে এমন ঘটনা এই প্রথম ঘটল। অভিনেতা ক্যাটাগরিতে বয়সের ব্যবধানও চোখে পড়ার মতো। এর মধ্যে ২৬ বছর বয়সী পল মেসক্যাল যেমন আছেন, তেমনি আছেন ৭৩ বছর বয়সী বিল নিগলিও। অনেকে ধারণা করছেন ‘আফটারসান’-সিনেমার জন্য পল মেসক্যাল পুরস্কার পাবেন। ঠিক তেমনি সম্ভাবনা রয়েছে ‘দ্য বানশিজ অব ইনশেরিন’ অভিনেতা কলিন ফেরেলেরও।

সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে এগিয়ে আছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। বাফটায় সর্বোচ্চ সাত পুরস্কার জিতেছে এই সিনেমা। বেশির ভাগ গণমাধ্যমেই এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি এই ছবিটিকে এগিয়ে রাখা হয়েছে। তবে চমক দেখাতে পারে ‘আর্জেন্টিনা ১৯৮৫’ বা ‘ক্লোজ’।

এবারের অস্কার আয়োজনে আলোচনায় রয়েছে ১ লাখ ২৬ হাজার ডলার মূল্যের ব্যাগ। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা। পুরস্কার জিতুক আর নাই জিতুক অস্কার মনোনীত ব্যক্তিরা বাড়ি ফিরবেন এই ব্যাগ নিয়ে। এই ব্যাগ নিয়ে কৌতূহলের শেষ নেই। ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাগটিতে থাকবে সর্বোচ্চ সাত বন্ধুসহ তিন রাত ইতালির ফারো পুনতা ইমপেরাটোর লাইট হাউসে থাকার সুযোগ, কানাডায় বেড়ানোর কুপন। এ ছাড়া থাকবে প্রসাধন, খাবার, চিকিৎসাসহ নানা ধরনের উপহার ও সুযোগ-সুবিধার কুপন।

গত বছর স্ত্রীকে নিয়ে রসিকতা করার কারণে অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। চলতি বছর অস্কারে এমন ঘটনা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে একাডেমি। এবার তারা ক্রাইসিস টিম নামে বিশেষ দল গঠন করেছে। এ ধরনের ব্যবস্থা আগে কখনো ছিল না। সম্ভাব্য সব উপায়ে বিতর্কিত পরিস্থিতি এড়াতে এবার কাজ করবে এই দল।

৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করবেন জিমি কিমেল। প্রথমবারের মতো এই মঞ্চে প্রেজেন্টার হবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছাড়া থাকবেন এলিজাবেথ ব্যাংক, অ্যান্তোনিও বান্দেরাস, জেসিকা চ্যাস্টেইন, সালমা হায়েক, ফ্লোরেন্স পিউ প্রমুখ। এতে পারফরম্যান্স করতে দেখা যাবে লিফট মি আপ গানের সঙ্গে রিয়ানা ও ভারতের ট্রিপল আর সিনেমার নাটু নাটু গানের সঙ্গে রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবকে।

এনবিএস/ওডে/সি

Walton Ads