৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন হলিউড অভিনেতা
হলিউডের অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেতা আল পাচিনোর বয়স ৮৩ হলেও এখনো প্রেমিক পুরুষ তিনি। ২৯ বছর বয়সী প্রেমিকা প্রযোজক নূর আলফাল্লাহর সঙ্গে তার বয়সের ব্যবধান ৫৪ বছরের। বেশকিছুদিন ধরেই তাদের রোমান্টিকতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এবার নতুন খবর হলো নূর আলফাল্লাহর সন্তানের বাবা হতে চলেছেন আল পাচিনো।
জানা যায়, গত বছর এপ্রিল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। আর এক মাস পরই পেশায় প্রযোজক নূর জন্ম দেবেন অভিনেতার চতুর্থ সন্তানের। তিনি এখন আট মাসের অন্তঃস্বত্ত্বা। আল পাচিনোর বড় সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্টও অভিনেতা আল পাচিনোর প্রেমিকা ছিলেন। এছাড়া, আর এক প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি এঞ্জেলো আল পাচিনোর যমজ সন্তান অ্যান্টন এবং অলিভিয়ার মা হয়েছিলেন।
প্রযোজক নূর আলফাল্লাহও এর আগে একাধিক সম্পর্কে ছিলেন। তার প্রেমিকদের মধ্যে অন্যতম গায়ক মাইক জ্যাগার এবং ধনকুবের নিকোলাস বারগ্রুয়েন।
উল্লেখ্য, গডফাদার সিরিজ ছাড়াও আল পাচিনো অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’-সহ হলিউডের একাধিক বক্সঅফিস সফল ছবিতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি