ফিলিপাইন যাচ্ছে ‘আদিম’
তরুণ নির্মাতা যুবরাজ শামীমের চলচ্চিত্র ‘আদিম’ রাশিয়ার মস্কোসহ বিশ্বের নানা প্রান্তের উৎসব মাতিয়েছে। নির্মাতাও পেয়েছেন নানা স্বীকৃতি ও সম্মাননা। সেই ধারাবাহিকতায় এবার সিনেমাটি প্রদর্শিত হতে যাচ্ছে ফিলিপাইনের একটি উৎসবে। এ তথ্য আমাদের নতুন সময়কে পরিচালক নিজেই জানিয়েছেন।
তিনি বলেন, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠেয় ‘সিনেমালয়া ফিলিপাইন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ - এ আমন্ত্রণ পেয়েছে ‘আদিম’। উৎসবটির ১৯তম আসরে প্রদর্শিত হবে সিনেমাটি। আমার সিনেমার প্রদর্শনীর পাশাপাশি দর্শক ও উৎসবে আগত ফিল্মমেকারদের সঙ্গে টকব্যাক সেশনের আয়োজন করেছে উৎসব কমিটি। যা আমার কাছে গুরুত্বপূর্ণ ঘটনা। আশা করছি ভালো অভিজ্ঞতা হবে।
চলচ্চিত্র উৎসবটি ৪ আগস্ট শুরু হয়ে চলবে ১৩ আগস্ট পর্যন্ত। উৎসবটিতে যোগ দিতে আগামী ৫ আগস্ট ম্যানিলার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন যুবরাজ শামীম। ইতোমধ্যেই সকল প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন তিনি।
টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্পে নির্মিত হয়েছে ‘আদিম’। শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে সিনেমাটির নির্মাণ খরচ। ২০১৮ সালে শুরু হয় শুটিং। সিনেমাটিতে অভিনয় করা কেউ পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা। যাদের মধ্যে ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও রয়েছে দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি