লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
সম্প্রতি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ভারতীয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এ নিয়ে পঞ্চম বারের মতো জাতীয় পুরস্কার পেলেন বাঙালি এই গায়িকা। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গায়িকার খেতাব অর্জন করেছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্যের কারণে বারবার বাধা আসে বলে দাবি করেছেন তিনি।
কিছু দিন আগে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গান ‘তুম কেয়া মিলে’-তে অরিজিৎ সিং এবং তার অংশের ভাগাভাগি এবং প্রচার নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেক ভক্ত। গানটি যখন ঘোষণা করা হয়, সেই পোস্টে অরিজিৎ সিংকে কৃতিত্ব দেওয়ার সময় শ্রেয়া ঘোষালের নাম বাদ দেওয়া হয়েছিল। সেসময় ভক্তরা প্রতিক্রিয়ার ঝড় তুলেছিলেন। তাদের বক্তব্য ছিল, লিঙ্গ পক্ষপাত এবং শিল্পে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি অসম আচরণ লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন শ্রেয়া।
একটি সাক্ষাৎকারে বিপরীত লিঙ্গের প্রতি ইন্ডাস্ট্রির পক্ষপাতের কথা স্বীকার করেন শ্রেয়া। গায়িকা বলেন, ‘এটি শুধু সংগীত বা ছবির জগতে নয়, আলোচনা শুধুমাত্র অভিনেত্রী বা সংগীতশিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি কোম্পানি, প্রতিটি শিল্পে এটাই চলে আসছে। সব ক্ষেত্রে এটি একটি সাধারণ গল্প এবং সাধারণ লড়াই। সমস্ত নারী প্রতিনিয়ত এর সম্মুখীন হন। শুধু এই দেশে নয়, এ সমস্যা বিশ্বব্যাপী।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি