‘জওয়ান’র ভয়ে পিছিয়ে গেল ‘সালার’
কয়েক বছর ধরে ব্যবসায়িকভাবে বলিউডের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে দক্ষিণী সিনেমা। আর এতে বলিউডের অনেক তারকাও দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকেই ঝুঁকছেন। এমন অবস্থায় শাহরুখ খানের হাত ধরে দৃশ্যটা প্রায় উল্টে গেল। বছরের শুরুতে এই অভিনেতার ‘পাঠান’ মুক্তি পায়। যা বিশ্বব্যপি দারুণ ব্যবসা করে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘জওয়ান’। বলিউড বাদশার এ সিনেমার হুঙ্কারে এবার পিছু হটল দক্ষিণী সিনেমা ‘সালার’।
জানা গেছে, বাহুবলী খ্যাত নায়ক প্রভাস অভিনীত সিনেমা ‘সালার’ মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। তবে সেই সিনেমার মুক্তি পেছানো হয়েছে। এ বিষয়ে নির্মাতারা এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। দক্ষিণী সিনেমা পাড়ার কেউ কেউ বলছেন, ‘ ভিএফএক্সের কাজ আরো উন্নত করতেই আপাতত ‘সালার’র মুক্তি পেছানো হয়েছে। কিন্তু মুক্তির দ্বারপ্রান্তে এসে দক্ষিণী সিনেমার এমন পিছু হঠাকে অন্যভাবে দেখছে বলিউড পাড়া। তাদের দাবি, শাহরুখের ‘জওয়ান’ যেহেতু ৭ সেপ্টেম্বর হিন্দীর পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে, তাই লোকসানের ভয়ে পেছানো হয়েছে ‘সালার’র মুক্তি। তবে, এ সিনেমার পরিচালক প্রশান্ত নীল নিজেও নাকি ‘সালার’র মুক্তি পিছনোতে ক্ষুব্ধ হয়েছেন।
২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে প্রভাসের এই ছবি। যেখানে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকাও রয়েছেন। এ ছবির মুক্তির তারিখ পেছানোয় কিং খান ভক্তদের বক্তব্য, ‘জওয়ান’ বাদশার ঝোড়ো ব্যাটিংয়ের মুখেই পিছু হটেছে প্রভাসের ছবি।
সম্প্রতি চেন্নাইয়ের কিং সাইজ ইভেন্টে বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াইয়ের রাশ একা হাতেই টেনে সমান করেছেন শাহরুখ। ‘জওয়ান’ সিনেমার মিউজিক লঞ্চের আসরে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। এবার সেই দাপটেই হয়তো লোকসানের ভয়ে ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে প্রভাসের ক্যারিয়ারে চলছে দুঃসময়। পর-পর ফ্লপ সিনেমার মধ্যেই ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক-নিন্দাও কম হয়নি। এবার বিতর্ককে সঙ্গী করেই নতুন ছবি ‘সালার’-এর ফার্স্টলুকে ধরা দিয়েছিলেন। শোনা যাচ্ছে, ‘সালার’ মুক্তি পাবে ২০২৪ সালে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি