নেদারল্যান্ডসের প্রদর্শনীতে বাংলাদেশের ৫ সিনেমা

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথমবারের মতো ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করেছে। এটা ইউরোপের প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো।

এরই অংশ হিসেবে সেখানকার সিনেমা প্রেমীদের কাছে বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ প্রদর্শনীতে দেশের চার তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পেয়েছে। সোমবার শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে মঙ্গলবার পর্যন্ত।

আয়োজনটির চলচ্চিত্র প্রদর্শনীর অংশ সমন্বয় করছেন তরুণ নির্মাতা আরিফুর রহমান। তিনি জানান, বাংলাদেশ থেকে ২০টিরও বেশি চলচ্চিত্র আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল। একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আয়োজকরা ৫টি ছবি নির্বাচন করেছেন। দুই দিনের এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে নূহাশ হুমায়ূনের ‘মশারি’, মাহাদী হাসানের ‘আই অ্যাম টাইম’ ও ‘ফটোগ্রাফ অব অ্যা স্কুল টিচার’, গোলাম রাব্বানীর ‘ছুরত’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘স্যালভেশন অব ট্রি’।

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ও প্রদর্শনীটি আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads