সিসিইউতে ভর্তি অভিনেতা আফজাল হোসেন

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি জানান, অভিনেতাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন অভিনেতা। এরমধ্যে হার্ট এটাক হয় তার। এরপরই সিসিইউতে নেয়া হয়েছে আফজাল হোসেনকে। এ প্রসঙ্গে অভিনেতার বন্ধু মাসুম বাশার বলেন, ‘আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।’

জানা যায়, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগেই  অভিনেতা আফজাল হোসেন অসুস্থ হয়ে পড়ায় বাতিল করা হয় এ ছবির শুট ।

এনবিএস/ওডে/সি

Walton Ads