আমির খানের সিনেমায় বাংলাদেশের ফারিণ

পশ্চিমবঙ্গের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন দেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘পাত্রী চাই’ শিরোনামের কলকাতার এই সিনেমাটি প্রযোজনা করবেন বলিউড সুপারস্টার আমির খান। এ সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করবেন বিপ্লব গোস্বামী। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এ চলচ্চিত্রে ফারিণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী। 

এ প্রসঙ্গে চিত্রনাট্যকার ও পরিচালক বিপ্লব জানিয়েছেন, পুরুষতান্ত্রিক সমাজকে নাড়িয়ে দেওয়ার মত গল্প ছবিটির। এতে আরও অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতা শংকর। আসন্ন পূজার পরেই শুটিং শুরু হবে।

তিনি আরো জানান, বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। এরপর সেই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাপতা লেডিস’। ছবিটি পরিচালনা করেছিলেন কিরণ রাও।

‘পাত্রী চাই’ এর পর বলিউডেও সিনেমা পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে রয়েছে বলে জানান তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads