ছেলের বয়স ৫৭, মায়ের ৩৮!
মায়ের চেয়ে ছেলের বয়স বেশি এটা কীভাবে সম্ভব! এমন শিরোনাম দেখে যে কেউ ভাবতে পারেন- এটা হয়তো বাংলাদেশ নির্বাচন কমিশন প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের ভুল। কিন্তু না, এ ঘটনা বাংলাদেশের নয়। ভারতের চলচ্চিত্র পরিচালক অ্যাটলি কুমার এই অসম্ভবকে ‘সম্ভব’ করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায়। এখানে মা হয়েছেন ৩৮ বছরের রিধি দোগড়া এবং ছেলে হয়েছেন ৫৭ বছরের শাহরুখ খান।
রিধি দোগড়া ২০০৮ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সবার নজরে এসেছেন এই সিনেমা দিয়ে। ছোট পর্দার এই অভিনেত্রী ‘জওয়ান’এ কাবেরি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। এই অভিনেত্রী শুরু থেকেই হাসিখুশি তরুণীর চরিত্রে অভিনয় করতেন। পরিচালকরাও তাকে এমন চরিত্রের জন্য নির্বাচন করতেন। তাতে সন্তুষ্ট ছিলেন না রিধি। কেননা তিনি চাইতেন সব ধরনের চরিত্রে অভিনয় করতে। কিন্ত পরিচালকরা বলতেন, তিনি নাকি অন্য ধরনের চরিত্রের জন্য উপযুক্ত না।
সেই আক্ষেপ এবার ঘুচেছে রিধির। সিনেমায় কাবেরি হয়ে তিনি অভিনয় করেছেন বেশি বয়সী নারীর চরিত্রে। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে রিধি বলেন, ‘শাহরুখের সঙ্গে সিনেমা করব শুনেই লাফিয়ে উঠেছিলাম। ছবিতে চরিত্রটিও ছিল অন্য রকম। আমাকে বেশি বয়সী নারীর চরিত্র করতে হয়েছে। দারুণ অভিজ্ঞতা ছিল।’
যদিও মা-ছেলের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর সমালোচনা। কিন্ত সব ছাপিয়ে রিধি দেখালেন তিনিও পারেন। পরিশ্রম করলে যে কোনো চরিত্রে মানিয়ে নিতে পারবেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি